দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রেমের টানে সুদূর চীন থেকে পিরোজপুরের এক প্রত্যন্ত গ্রামে ছুটে এসেছিলেন ৩০ বছর বয়সী এক চীনা যুবক। তবে প্রেমিকার বয়স বিয়ের উপযুক্ত না হওয়ায় শেষ পর্যন্ত আশাহত হয়েই ফিরে যেতে হয়েছে তাকে। যাওয়ার আগে দুই বছর অপেক্ষা করে আবারও বাংলাদেশে ফেরার প্রতিশ্রুতি দিয়ে গেছেন তিনি।
ঘটনাটি পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের। ওই এলাকার বাসিন্দা কাঞ্চন হাওলাদারের মেয়ে সিনথিয়া আক্তার তুবার সঙ্গে অনলাইনে পরিচয় হয় চীনা নাগরিক লিয়নের।
জানা গেছে, ভাষা শেখার জনপ্রিয় মোবাইল অ্যাপ ‘হ্যালোটক’-এর মাধ্যমে প্রথমে তাদের পরিচয় হয়। পরে হোয়াটসঅ্যাপে নিয়মিত কথোপকথনের একপর্যায়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।
তুবা জানান, লিয়ন যখন তার কাছে বাড়ির ঠিকানা চেয়েছিলেন, তখন তিনি ভাবতেই পারেননি যে লিয়ন সত্যিই এত দূর থেকে বাংলাদেশে চলে আসবেন। কিন্তু ভালোবাসার টানে সব বাধা পেরিয়ে চলতি মাসের ৮ মে লিয়ন প্রথমে ঢাকায় এসে পৌঁছান।
এরপর বৃহস্পতিবার (১৪ মে) তিনি নাজিরপুর বাসস্ট্যান্ডে এসে নামলে তুবার বাবা ও স্বজনেরা তাকে সাদরে বাড়িতে নিয়ে যান। সুদূর চীন থেকে আসা এই বিদেশি অতিথিকে একনজর দেখতে কাঞ্চন হাওলাদারের বাড়িতে ভিড় জমায় শত শত উৎসুক এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ঘটনাটি নিয়ে কৌতূহল দেখা যায়। স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, ‘শুনলাম চীন থেকে একজন এসেছেন, তাই দেখতে এসেছি।’
আরেক বাসিন্দা সালাম শেখ বলেন, ‘মোবাইলের মাধ্যমে পরিচয় হয়ে চীন থেকে কেউ এসেছে, এটা শুনে আমরাও দেখতে এসেছি।’
তুবার বাবা কাঞ্চন হাওলাদার জানান, কয়েকদিন ধরে চীনা যুবক লিয়নের সঙ্গে তাদের ফোনে কথা হচ্ছিল। সে সরাসরি বাড়িতে চলে আসার পর তাকে ঐতিহ্যবাহী বাঙালি খাবার খাইয়ে আপ্যায়ন করা হয়েছে। তবে তুবা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এখনই বিয়ের কোনো সুযোগ নেই এবং সে কারণেই লিয়নকে বিদায় দেওয়া হচ্ছে।
ফিরে যাওয়ার আগে লিয়ন স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, তিনি তার বন্ধু তুবার জন্য বাংলাদেশে এসেছিলেন। তুবার বয়স কম হওয়ায় তিনি এখন ফিরে যাচ্ছেন এবং তার জন্য অপেক্ষা করবেন। দুই বছর পর বয়স পূর্ণ হলে তিনি আবারও বাংলাদেশে আসবেন এবং তুবা রাজি থাকলে তাকে বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দিয়েছেন।
/অ